https://cns24news.com/

নিজের জীবনের ঘটনা থেকেই সালমান-মাধুরীর বিখ্যাত দৃশ্যের অনুপ্রেরণা পান সুরজ

প্রকাশের তারিখ: 15 Nov 2026   |   প্রতিবেদক: editor
নিজের জীবনের ঘটনা থেকেই সালমান-মাধুরীর বিখ্যাত দৃশ্যের অনুপ্রেরণা পান সুরজ

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন..!’-এর একটি স্মরণীয় দৃশ্যের পেছনে রয়েছে পরিচালক সুরজ বরজাতিয়ার শৈশবের এক বাস্তব ঘটনা। সম্প্রতি নেটফ্লিক্সের অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজনে এসে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

অভিনেতা আয়ুষ্মান খুরানার এক প্রশ্নের জবাবে সুরজ জানান, ছবির যে দৃশ্যে সালমান খান ও মাধুরী দীক্ষিত জুতা চুরির ঘটনার পর দৌড়াতে গিয়ে একটি খাটের ওপর পড়ে সেটি ভেঙে ফেলেন, সেটির অনুপ্রেরণা তাঁর নিজের জীবনের ঘটনা।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে এক তরুণী তাঁর এক চাচাতো ভাইকে চড় মারেন। এর প্রতিশোধ নিতে তিনি ওই তরুণীর পেছনে দৌড়াতে শুরু করেন। একপর্যায়ে দুজনেই একটি খাটের ওপর পড়ে যান এবং সেটি ভেঙে যায়।

বহু বছর পর শৈশবের সেই মজার অভিজ্ঞতাকেই সিনেমার দৃশ্যে রূপ দেন সুরজ। পরবর্তী সময়ে দৃশ্যটি দর্শকদের কাছে ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে পরিচালকের শান্ত স্বভাব নিয়েও আলোচনা হয়। অর্চনা পূরণ সিং জানতে চান, সুরজ কখনো রেগে যান কি না। উপস্থিত শিল্পীরা জানান, তাঁকে সাধারণত মেজাজ হারাতে দেখা যায় না। তবে সুরজ রসিকতা করে বলেন, অভিষেক ও কারিনা হয়তো তাঁর রাগের অন্য গল্প বলতে পারবেন।

কাউকে বলা তাঁর সবচেয়ে কঠিন কথাটি কী, এমন প্রশ্নের জবাবেও মজা করেন পরিচালক। অর্চনাকে তিনি সালমান খানের কাছ থেকে এ বিষয়ে জেনে নিতে বলেন।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কৌন..!’-এ সালমান খান ও মাধুরী দীক্ষিত অভিনয় করেন। ছবিটির গান ও পারিবারিক আবহ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘দিদি তেরা দেওর দিওয়ানা’, ‘পহেলা পহেলা প্যায়ার’ এবং ‘জুতে দে দো পয়সে লে লো’ গানগুলো এখনো সিনেমাপ্রেমীদের কাছে পরিচিত।