https://cns24news.com/

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি নিয়োগ দিল সরকার

প্রকাশের তারিখ: 15 Nov 2026   |   প্রতিবেদক: editor
গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। মহড়ায় অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেটও ছিল।

এমন পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই রদবদল আনা হলো।