নিজস্ব প্রতিনিধি:
ব্যবস্থাপনাগত জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় আগামী ২১ নভেম্বরের লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, লংমার্চ কেবল ট্রেনে যাতায়াতের কর্মসূচি নয়। এতে বিভিন্ন স্থানে যাত্রীদের ওঠানামা, বক্তব্য প্রদান এবং জনসমাগমের বিষয় রয়েছে। এসব কারণে ট্রেনকে বিভিন্ন স্টেশনে থামাতে হবে। পাশাপাশি কিছু রেলপথে সিঙ্গেল লাইন থাকায় পুরো কর্মসূচি বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
সব দিক বিবেচনায় আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে লংমার্চ আয়োজন করা সম্ভব নয় বলে জানান তিনি। এ কারণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিদ্যমান পরিস্থিতির এখনো প্রত্যাশিত উন্নতি হয়নি। জনগণের প্রত্যাশা ও অধিকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে।
তিনি অভিযোগ করেন, সংস্কার পরিষদ গঠন না করে সংশোধনের পথে এগিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এভাবে সংকটের সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য আগে থেকেই সোচ্চার ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ক্ষেত্রে ১১ দলীয় ঐক্য নেতৃত্ব দেবে।