জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার এবং সাংগঠনিক সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
তবে নিজের ফেসবুক পোস্টে ডা. ইসমাইল হোসেন দাবি করেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন বলে জানান।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিজের চেম্বার বন্ধের নোটিশ পান ডা. ইসমাইল। হাসপাতালটির মালিকানা নিয়ে বিরোধ এবং প্রতিষ্ঠানটি দখলের আশঙ্কার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এর আগের দিন ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান হাসপাতালটির মালিকানা দাবি করে লোকজন নিয়ে সেখানে যান। পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ চেম্বার বন্ধের নোটিশ দেয়। এ ছাড়া হাসপাতালের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও আনে কর্তৃপক্ষ ডা. ইসমাইলের বিরুদ্ধে।