নিজস্ব প্রতিনিধি:
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা পিছিয়ে দেওয়া হয়। সভার নতুন তারিখ পরে জানানো হবে।
সোমবার সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানান। বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিনের সভায় পোশাকশিল্পের মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। মালিকপক্ষ সেদিন প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপরও মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।
উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। তখন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। নতুন কাঠামো কার্যকর হওয়ার আগে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।