নিজস্ব প্রতিনিধি:
ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রামীণ ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠী। এ সুবিধার আওতায় প্রান্তিক মানুষ, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ নির্দিষ্ট কয়েকটি শ্রেণির গ্রাহক অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ ঋণ দেওয়া হবে। সম্প্রতি স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেট ব্যবহার করে আবেদন, ঋণের অর্থ গ্রহণ এবং কিস্তি পরিশোধ করতে পারবেন।
একজন গ্রাহক এ স্কিমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।
এ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরাও এ সুবিধায় অগ্রাধিকার পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য, জামানত ও প্রচলিত ব্যাংকিং প্রক্রিয়ার জটিলতার কারণে যারা সহজে ঋণ নিতে পারেন না, তাঁদের আর্থিক সেবার আওতায় আনা।
বাংলাদেশ ব্যাংকের মতে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হলে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে মানুষের অভ্যস্ততা বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমানো এবং ক্যাশলেস লেনদেনের পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত প্রতিষ্ঠার লক্ষ্যেই স্কিমটি হালনাগাদ করা হয়েছে।