https://cns24news.com/

সৌদির বর্ধিত ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় সুযোগ; চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

প্রকাশের তারিখ: 16 Nov 2026   |   প্রতিবেদক: editor
সৌদির বর্ধিত ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় সুযোগ; চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি:

২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে আগেই নিবন্ধন বন্ধ করা হতে পারে।

রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়।

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু আসন অব্যবহৃত রয়েছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় নতুন করে হজযাত্রী নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।