https://cns24news.com/

গোপালগঞ্জে আওয়ামীলীগের তাণ্ডবে প্রশাসন দিশাহারা

প্রকাশের তারিখ: 16 Nov 2026   |   প্রতিবেদক: editor
গোপালগঞ্জে আওয়ামীলীগের তাণ্ডবে প্রশাসন দিশাহারা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে সশস্ত্র বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে রামদা, টেঁটা, বল্লম, লগি-বৈঠা ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের সাজোয়া যানে জয় বাংলা স্লোগান লিখা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। এছাড়া ওসমান হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলের কার্যালয় ভাঙচুর করে। ছাত্রদল নেতা রানা মোল্লার কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে ছাত্রলীগ নেতা সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। একই সময়ে শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়। সেখান থেকে নেতাকর্মীরা ব্যাংক পাড়ায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে গিয়ে জুলাই বিপ্লবের পর থেকে তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা খুলে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওসমান হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্য মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহলও দেখা যায়।

এদিকে, বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মিছিল চলাকালে বিএনপি সমর্থিত তিন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য মোতায়েন ছিলেন। এ ছাড়া ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্তসংখ্যক মোবাইল প্যাট্রল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখা হয়েছিল, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অন্যদিকে, বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।