নিজস্ব প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাঈদ খোকনের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী সময়ে দলীয় মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গ্রেফতারের পর ডিবির হেফাজতে থাকা সাঈদ খোকনের বিরুদ্ধে এখন কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।