https://cns24news.com/

সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

প্রকাশের তারিখ: 17 Nov 2026   |   প্রতিবেদক: editor
সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

সাভার প্রতিনিধি:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়ার একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। এতে কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

অন্যদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে একদল শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। একইভাবে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় আরেকটি শ্রমিক দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাঁদেরও ধাওয়া দেওয়া হয়। সেখানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির ১৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।