গাজীপুর প্রতিনিধি:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ ও অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, জয়দেবপুর সড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভে নামেন। একপর্যায়ে হাজারো শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
অন্যদিকে, জয়দেবপুর ও নাওজোর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করা শ্রমিকদের পুলিশ সরিয়ে দেয়। তবে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।