https://cns24news.com/

দ্রুতই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ: 17 Nov 2026   |   প্রতিবেদক: editor
দ্রুতই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে অপর পক্ষের কাছ থেকে এখনো কোনো অগ্রগতি বা হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে চুক্তি নবায়নের সম্ভাবনা তিনি দেখছেন না বলেও জানান। গঙ্গা পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ড সরকার সহ্য করবে না। সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার।