https://cns24news.com/

রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী স্বপ্না

প্রকাশের তারিখ: 17 Nov 2026   |   প্রতিবেদক: editor
রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী স্বপ্না

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন আদালত। ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলে প্রমাণিত হয়েছে। শিশুটিকে নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড উপযুক্ত শাস্তি।

অন্যদিকে স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যায় সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান আদালত। সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এসব অপরাধে স্ত্রীর সহযোগিতার কথা বলেননি। এ কারণে স্বপ্নাকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

স্বপ্নার খালাস প্রসঙ্গে তিনি বলেন, মূল অপরাধ ধর্ষণ ও হত্যায় তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করা হয়। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পরে পাশের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন ২ জুন এক দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেন।

বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন। শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্নাকে খালাস দেন।

রায় ঘোষণার আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে তিনি আশা করছেন। দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।