নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের অভ্যন্তরীণ সজ্জা ও নির্মাণসামগ্রীর বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডংজিন গ্রুপের ব্র্যান্ড ডংজিন এসপিসি ফ্লোরিং। আধুনিক ফ্লোরিং ও ওয়াল প্যানেল পণ্য নিয়ে দেশের বাজারে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীতে নতুন পণ্য উন্মোচন ও ডিলার পার্টনার সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে যোগ দিতে চীন থেকে ঢাকায় আসেন ডংজিন গ্রুপের চেয়ারম্যান লি ওয়েইডং। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. ঝান এবং দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক অংশীদার ও ডিলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ডংজিন এসপিসি ফ্লোরিং ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন। নতুন ব্র্যান্ডের বাংলাদেশে যাত্রাকে স্বাগত জানান উপস্থিত ব্যবসায়িক অংশীদাররা।
চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বলেন, ডংজিন গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে এবং মান ও সততার প্রতি অঙ্গীকারবদ্ধ। চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি বাংলাদেশের বাজার ও স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের প্রতি গ্রুপের দীর্ঘমেয়াদি আগ্রহের প্রতিফলন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নির্ভরযোগ্য ডিলার খুঁজছে প্রতিষ্ঠানটি। অংশীদারদের মানসম্মত পণ্যের ধারাবাহিক সরবরাহ, প্রয়োজনীয় সহায়তা এবং সুস্পষ্ট ব্যবসায়িক নীতিমালা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিইও মি. ঝান বলেন, “আপনাদের সাফল্যই আমাদের সাফল্য। আপনাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাওয়া এবং শক্তিশালী ব্যবসা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, ডিলাররা মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য, বিশেষ ডিলার সুবিধা এবং সার্বিক সহযোগিতা পাবেন। পাশাপাশি পণ্যবিষয়ক প্রশিক্ষণ, বিপণন উপকরণ এবং বিক্রয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির দাবি, ডংজিন এসপিসি ফ্লোরিং পানি ও আর্দ্রতা প্রতিরোধী, টেকসই এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। গ্রাহকদের পছন্দ বিবেচনায় পণ্যটিতে ১০০টির বেশি ডিজাইন ও রঙ রয়েছে। ফ্লোরিংয়ের পাশাপাশি ডংজিন এসপিসি ওয়াল প্যানেলও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ফলে বাড়ি, অফিস ও বাণিজ্যিক স্থাপনার অভ্যন্তরীণ সজ্জায় একই ব্র্যান্ডের অধীনে ফ্লোরিং ও দেয়ালের সমন্বিত সমাধান পাওয়া যাবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, “একটি ভালো পণ্য ব্যবসার ভিত্তি তৈরি করে, কিন্তু ভালো সম্পর্ক সেই ব্যবসাকে আরও দূর এগিয়ে নেয়। প্রতিষ্ঠান ও ডিলার অংশীদাররা একই লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করলে সাফল্য আসবেই।”
বাংলাদেশে ব্যবসায়িক অবস্থান জোরদারের পাশাপাশি আগামী মাসগুলোতে দেশজুড়ে ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ডংজিন গ্রুপের। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে আধুনিক ফ্লোরিং ও ওয়াল প্যানেল পণ্য পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।