নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস, এমনকি কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চায় নির্বাচন কমিশন।
শনিবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত দুর্নীতি ও হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেতে চান তারা। এ জন্য কীভাবে সেবার মান উন্নত করা এবং দুর্নীতি ও হয়রানি বন্ধ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চান তিনি।
তিনি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।’
আবেদন গ্রহণের পর দ্রুত আবেদনকারীকে অবহিত করার ওপর গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
সিইসি বলেন, আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব না পাওয়া কিংবা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে না পারা গ্রহণযোগ্য নয়। আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গে একটি বার্তা দিতে হবে। প্রয়োজনে মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে আবেদনকারী পরবর্তী সময়ে যোগাযোগ করে আবেদনের অগ্রগতি জানতে পারেন।
এনআইডি-সংক্রান্ত সমস্যা দেখা দিলে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারবো না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’
সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ জন্য নাগরিকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো যেতে পারে।
এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ বিষয়টিও বিবেচনায় নিয়ে সমাধান খুঁজতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শও চান তিনি। সিইসি বলেন, সবাইকে হয়তো স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হবে না। তবে নাগরিকদের শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে বললেই দায়িত্ব শেষ হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোডের বিষয়টিই বোঝেন না। তাই তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে ভাবতে হবে।
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও অংশ নেন।