নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও নিয়োগসংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।
এর ফলে তাঁর নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন, আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সাংগঠনিক উন্নয়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা সরবরাহ, বার্ষিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন এবং প্রশিক্ষণ ব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ তৈরির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সদস্যদের আবাসন সুবিধা বাড়াতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের উদ্যোগও রয়েছে।
দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের জন্য বাহিনীর প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নেতৃত্বের ধারাবাহিকতা সদস্যকল্যাণ, আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এগিয়ে নিতে সহায়ক হতে পারে।