https://cns24news.com/

রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

প্রকাশের তারিখ: 19 Nov 2026   |   প্রতিবেদক: editor
রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

নিজস্ব প্রতিনিধি:

দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তি মোকাবিলা করবে ১১ দলীয় ঐক্য। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা লক্ষ্য করছেন।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করে এসব অপশক্তি বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর সামনে নিজেদের পরিচয় তুলে ধরছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে তারা বৈঠকে বসেছেন।

১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে তাদের মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

নৈরাজ্যবাদীদের হামলায় নিহত ব্যক্তিদের পরিবার, ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও যানবাহনের মালিকদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানান তিনি।

সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আশা প্রকাশ করে মামুনুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন, তারা পরাজিত শক্তির হামলায় নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করেন তিনি। তবে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন না।

মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে মামুনুল হক বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থানে ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে ততটা নৃশংস নয়। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।