তানভীর রায়হান:
একটি দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, তা শুধু বড় সেতু, উঁচু ভবন কিংবা মাথাপিছু আয়ের হিসাব দিয়ে বোঝা যায় না। উন্নয়নের প্রকৃত চিত্র পাওয়া যায় সেই দেশের শিশুদের জীবনযাত্রায়। তারা কী খাচ্ছে, কী শিখছে, কতটা নিরাপদে বেড়ে উঠছে এবং ভবিষ্যতের জন্য কী ধরনের সুযোগ পাচ্ছে, এসব প্রশ্নের উত্তরই বলে দেয় রাষ্ট্র কতটা মানবিক ও দূরদর্শী। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নগুলো এখন নতুন করে ভাবার সময় এসেছে।
২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। প্রতিবছর এ দিন শিশু অধিকার, সুরক্ষা ও কল্যাণের কথা বলা হয়। কিন্তু বাস্তবতা হলো, দেশের লাখ লাখ শিশুর জন্য শৈশব এখনো নিরাপদ ও সম্ভাবনাময় হয়ে ওঠেনি। কেউ দারিদ্র্যের কারণে স্কুলের বদলে কর্মক্ষেত্রে যাচ্ছে, কেউ প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, আবার কেউ সহিংসতা ও পরিবেশগত ঝুঁকির মধ্যে বড় হচ্ছে।
বাংলাদেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, দেশের ২৮ দশমিক ৯ শতাংশ শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করে। অর্থাৎ তাদের সংকট শুধু অর্থের অভাব নয়; শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও প্রয়োজনীয় সেবার ঘাটতিও তাদের বিকাশ বাধাগ্রস্ত করছে। এই বাস্তবতা দেখায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেই প্রতিটি শিশুর জীবনমান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয় না।
শিক্ষার ক্ষেত্রেও আমাদের অর্জনের পাশাপাশি বড় ঘাটতি রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বেড়েছে, কিন্তু বিদ্যালয়ে যাওয়া আর শেখার মধ্যে পার্থক্য রয়ে গেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৫১ শতাংশ একটি সাধারণ অনুচ্ছেদও পড়তে পারে না। অর্থাৎ শিক্ষায় প্রবেশাধিকার বাড়লেও মানসম্মত শিখন নিশ্চিত করা যায়নি। শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা সনদ অর্জন নয়, শিশুর চিন্তা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষার লক্ষ্য।
শিক্ষার বাইরে চলে যাওয়া শিশুদের বড় একটি অংশ জীবিকার চাপে শ্রমে যুক্ত হচ্ছে। ২০২৫ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের প্রাথমিক ফলাফলে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে যুক্ত থাকার তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে এ হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। এই পরিবর্তন উদ্বেগজনক। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারের আয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় শিশুকে কাজ থেকে সরিয়ে পরিবারের জীবিকার সংকট আরও বাড়তে পারে।
পুষ্টির পরিস্থিতিও কম উদ্বেগের নয়। ২০২৪ সালের ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনটি শিশুর মধ্যে দুটি শিশু খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে। ২০২৫ সালের জরিপের প্রাথমিক ফলাফলে এই বয়সী শিশুদের মধ্যে অপুষ্টিজনিত ওজনহ্রাসের হার ১২ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে। পাশাপাশি ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ শতাংশ শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার সীসা শনাক্ত হয়েছে। এসব সমস্যা শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ও শেখার সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
শিশুর নিরাপত্তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। একই জরিপে ৮৬ শতাংশ শিশুর সম্প্রতি কোনো না কোনো ধরনের সহিংস শাসনের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ শিশুর জন্য ঝুঁকি শুধু রাস্তা, কর্মক্ষেত্র বা বিদ্যালয়ে নয়; নিজের ঘরেও থাকতে পারে। শিশুকে শাসনের নামে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি।
এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত। ২০২৪ সালে তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। ফলে শিশুদের শিক্ষা ও সুরক্ষা পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিকেও গুরুত্ব দিতে হবে।
এখন প্রয়োজন বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত শিশু উন্নয়ন পরিকল্পনা। শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তাকে একই নীতির আওতায় আনতে হবে। বিদ্যালয়ে শেখার মান নিয়মিত মূল্যায়ন, ঝরে পড়া শিশুদের ফিরিয়ে আনা, দরিদ্র পরিবারকে সহায়তা, শিশুশ্রম প্রতিরোধ এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
শিশুদের কল্যাণ কোনো দাতব্য উদ্যোগ নয়; এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আজকের শিশুরাই আগামী দিনের শ্রমশক্তি, নাগরিক ও নেতৃত্বের অংশ হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তায় ঘাটতি রেখে টেকসই উন্নয়নের প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।
বিশ্ব শিশু দিবসে তাই শুধু শিশুদের সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, সেই ভবিষ্যৎ নিশ্চিত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নের সাফল্য তখনই অর্থবহ হবে, যখন কোনো শিশুকে দারিদ্র্যের কারণে শিক্ষা ছাড়তে হবে না, ক্ষুধার কারণে অপুষ্টিতে ভুগতে হবে না কিংবা সহিংসতার মধ্যে বেড়ে উঠতে হবে না। শিশুর জন্য রাষ্ট্র কতটা নিরাপদ ও সম্ভাবনাময়, সেই মানদণ্ডেই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নকে মূল্যায়ন করা উচিত।
গবেষক ও গণমাধ্যমকর্মী।