https://cns24news.com/

স্বাধীনতার ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ: 20 Nov 2026   |   প্রতিবেদক: editor
স্বাধীনতার ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি

ঢাবি প্রতিনিধি:

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপরাধ মানুষকে হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন। সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চাইলেও সব সময় সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।

ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশ, এ অঞ্চল ও উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে বহু সৃজনশীল মানুষ বের হয়েছেন। তবে কলেজটির শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি ও গবেষণাগারের পর্যাপ্ত সুযোগ না থাকার বিষয়টি তাঁকে হতাশ করেছে।

শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করলেও অনেকের কর্মসংস্থান হচ্ছে না। কার্যকর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য সামনে রেখে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের ভূমিকা রয়েছে। মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, পূর্ববর্তী প্রজন্মের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের তরুণদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে। এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদা ও সমতার ভিত্তিতে জীবনযাপন এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।

নতুন প্রজন্মের সৃজনশীলতা, সাহস ও উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে।