https://cns24news.com/

রণবীরের ‘সৎমা’ হতে আপত্তি ছিল না লারার

প্রকাশের তারিখ: 21 Nov 2026   |   প্রতিবেদক: editor
রণবীরের ‘সৎমা’ হতে আপত্তি ছিল না লারার

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় লারা দত্ত। অথচ ‘রামায়ণ’ সিনেমায় রণবীরের অভিনীত রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চেয়ে সামান্য ছোট একজন সহশিল্পীর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী।

নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৪৮ বছর বয়সী লারা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

লারা বলেন, ‘আমার মনে হয়, আমরা এখন এসব ভাবনার অনেক ঊর্ধ্বে উঠে গেছি। অভিনেতারা আর আগের দিনের চিন্তাভাবনায় আটকে নেই যে, একজন অভিনেত্রী হয়ে কীভাবে নির্দিষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন। এখন আমরা শুধু চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। এ নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না।’

কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন লারা। তিনি জানান, পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির বিস্তারিত অতীত ও প্রেক্ষাপট তৈরি করেছিলেন। এমনকি সিনেমায় যেসব ঘটনা দেখানো হয়নি, সেগুলো নিয়েও আলোচনা করেছেন তারা। কৈকেয়ী কেন দুটি বর চেয়েছিলেন, রাজা দশরথ কখন তাকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কৈকেয়ীর পরিচয় ও পারিবারিক শিকড়—সবকিছুই ছিল তাদের আলোচনায়।

লারা মনে করেন, কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এমন সুযোগ কাজে লাগানো উচিত। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। লারার মতে, ঐতিহাসিক ও পরিচিত ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ সুযোগ।

‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। সিনেমাটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।