কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) দানবাক্সগুলো খোলার পর এ পরিমাণ টাকা পাওয়া যায়, যা আগেরবারের ৪৩ বস্তার রেকর্ড ছাড়িয়ে গেছে। তবে গণনা শেষ না হওয়ায় মোট কত টাকা জমা পড়েছে, তা এখনো জানা যায়নি।
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাধারণত তিন থেকে চার মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। প্রতিবারই বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়। এবারও আগের রেকর্ড ছাড়িয়ে গেছে দানের পরিমাণ। টাকা গণনা শেষে মোট অর্থের পরিমাণ জানা যাবে।
গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।
পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছেই নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, একনিষ্ঠ নিয়তে এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা সামগ্রীও দান করেন অনেকে।
জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। ধীরে ধীরে তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তাঁর মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে।
প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।