https://cns24news.com/

ঢাকা ইপিজেডে হকার উচ্ছেদ নিয়ে আনসারের ব্যাখ্যা

প্রকাশের তারিখ: 28 Sep 2026   |   প্রতিবেদক: editor
ঢাকা ইপিজেডে হকার উচ্ছেদ নিয়ে আনসারের ব্যাখ্যা

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা ইপিজেডের পুরাতন জোনে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ইপিজেড কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে আনসার সদস্যরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

বাহিনীর দেওয়া ব্যাখ্যায় বলা হয়, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে আশুলিয়া উপজেলায় অবস্থিত ঢাকা ইপিজেডের পুরাতন জোনের কমার্শিয়াল ভবনের সামনে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা ইপিজেড কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইপিজেডে দায়িত্ব পালনরত আনসার সদস্য ও বেপজা সিকিউরিটি গার্ড সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

অভিযানের উদ্দেশ্য ছিল ইপিজেড এলাকার নির্ধারিত স্থান, ফুটপাত ও চলাচলের পথ দখলমুক্ত রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করা বলে জানানো হয়েছে।

ব্যাখ্যায় আরও বলা হয়, অভিযান চলাকালে হকারদের অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হলে তারা তা সরাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হকারদের পক্ষ থেকে আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের কথা উল্লেখ করা হলেও দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের বক্তব্য ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, উচ্ছেদ অভিযানের সঙ্গে চাঁদা আদায়ের কোনো কার্যক্রমের সম্পর্ক ছিল না বলে দাবি করেছে বাহিনীটি। একই সঙ্গে অভিযানে কোনো আনসার সদস্য আহত হওয়ার ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে শেষ হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আনসার সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম বা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো ঘটনা প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও প্রকৃত ঘটনাপ্রবাহ যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।