https://cns24news.com/

পশ্চিমাঞ্চলে নিরাপত্তাহীন ১,২০০টির বেশি রেলক্রসিং, ৪৮৭টিই অবৈধ

প্রকাশের তারিখ: 21 Nov 2026   |   প্রতিবেদক: editor
পশ্চিমাঞ্চলে নিরাপত্তাহীন ১,২০০টির বেশি রেলক্রসিং, ৪৮৭টিই অবৈধ

রাজশাহী প্রতিনিধি:

পশ্চিমাঞ্চল রেলওয়ের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তার ঘাটতি বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায় ২ হাজার কিলোমিটার রেলপথে থাকা ১ হাজার ৮০০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে মাত্র ৫৭৪টিতে দায়িত্ব পালন করছেন গেটম্যান। বৈধ ১ হাজার ৩০১টি ক্রসিংয়ের ৭২৭টিতেও নেই কোনো গেটম্যান বা নিরাপত্তাকর্মী। এর বাইরে রেলওয়ের অনুমতি ছাড়া নির্মিত হয়েছে ৪৮৭টি অবৈধ ক্রসিং।

রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে নয়টি দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম আট মাসেই দুর্ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। অনেক ক্রসিংয়ে গেট ও সতর্কসংকেত না থাকায় ট্রেন আসার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই যানবাহন থামানোর দায়িত্ব পালন করেন।

রাজশাহী নগরীর বুধপাড়ার বাসিন্দা রাজু ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পর নতুন বুধপাড়া, বুধপাড়া গণির মোড় ও মোহনপুর রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এর মধ্যে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি অবৈধ হলেও অন্যগুলো বৈধ। কিন্তু সেগুলোতেও গেট নেই।

তিনি বলেন, রেলওয়ের কর্মীদের কাছ থেকে জেনেছেন, চেক রেল বা ডাবল লাইন থাকলে ক্রসিংটি অনুমোদিত হওয়ার বিষয়টি বোঝা যায়। সে হিসাবে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি ছাড়া অন্যগুলো অনুমোদিত। কিন্তু সেসব জায়গাতেও নিরাপত্তাব্যবস্থা নেই। রেললাইন পার হওয়ার সময় সবসময় ভয় কাজ করে। অনেক সময় ট্রেন আসার বিষয়টি বোঝা যায় না। গেট ও সতর্কসংকেত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

জানা গেছে, পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভাও রেললাইন অতিক্রম করে সড়ক নির্মাণ করেছে। কোথাও কোথাও ১০০ গজের মধ্যেই একাধিক ক্রসিং রয়েছে।

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে রেললাইন অতিক্রম করে সড়ক নির্মাণ ও উন্নয়ন করতে হয়। নিয়ম অনুযায়ী, এ ধরনের কাজের আগে রেলওয়েকে চিঠি দেওয়া হয় এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বিভিন্ন সংস্থা এসব ক্রসিং নির্মাণ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো মাটির রাস্তা পাকা করা হলেও রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি। রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো।

নিরাপদ সড়ক চাই, রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু গেটম্যানের ওপর নির্ভর করলে চলবে না। সেখানে আধুনিক সংকেতব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তি চালু করা প্রয়োজন। ট্রেন আসার সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে—এমন ব্যারিয়ার স্থাপন করা গেলে দুর্ঘটনা অনেক কমানো সম্ভব।