https://cns24news.com/

সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

প্রকাশের তারিখ: 21 Nov 2026   |   প্রতিবেদক: editor
সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাউন্সিলের প্রতিনিধি, ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন কমিউনিটির নেতারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আন্তরিক অভ্যর্থনা ও আয়োজনের জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া একজন অতিথির জন্য সময় দেওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁদের অতীত ও বর্তমান প্রজন্মের প্রতি তিনি গভীর সম্মান পোষণ করেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই।’

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছে।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এ জন্য তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।