https://cns24news.com/

খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক আটক, উদ্ধার শুটারগান ও চাপাতি

প্রকাশের তারিখ: 22 Nov 2026   |   প্রতিবেদক: editor
খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক আটক, উদ্ধার শুটারগান ও চাপাতি

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ কামরান শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক কামরান শেখ ওই এলাকার কামাল শেখের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, কামরানকে আটকের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে টুটপাড়া এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছিল। রোববার বিকেলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, পরে কামরানের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

আহত অবস্থায় কামরানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।