https://cns24news.com/

এআই ব্যবহার করে অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশের তারিখ: 23 Nov 2026   |   প্রতিবেদক: editor
এআই ব্যবহার করে অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি:

বিদেশে অবস্থানরত একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালাচ্ছে এবং আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এর লেখক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান।

রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, কারাগারে তাঁর সঙ্গে থাকা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, অতীতে গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি দূর হয়নি।

তবে সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনার পরও বর্তমান সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। আগের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান রিজভী।

তিনি আরও বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

বইটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন লেখক অধ্যাপক হীরা সোবাহান।