https://cns24news.com/

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি

প্রকাশের তারিখ: 23 Nov 2026   |   প্রতিবেদক: editor
১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি

নিজস্ব প্রতিনিধি:

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার প্রভাবে বড় ধরনের উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে খাতটি। নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। এসব পণ্যের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে।

জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী এ ক্ষতির হিসাব করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। একই সঙ্গে ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পণ্যের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বিজিএমইএর মতে, ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পারে। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত কারখানার ক্ষয়ক্ষতি এ হিসাবের অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এ ক্ষতির প্রভাব তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়েছে। বিপুল পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা সেই সংকটেরই ইঙ্গিত দিচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ প্রয়োজন। উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।