নিজস্ব প্রতিনিধি:
শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে পুলিশ তাকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, এসব মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।