নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ শুরু হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। দীর্ঘদিনের প্রস্তুতি, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই দিন বিকেল ৩টায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করার কথা ছিল।
এরপর আরও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল।
পরীক্ষার প্রতিটি পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং নির্ধারিত কারিগরি কার্যক্রম সম্পন্ন হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি আবার জাতীয় গ্রিডে যুক্ত করে পরবর্তী ধাপের বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ পর্যায় সফলভাবে শেষ হলে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের প্রভিশনাল টেকওভার করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।