https://cns24news.com/

বিতর্কে মেসি, লাল কার্ড দাবি কলম্বাস কোচের

প্রকাশের তারিখ: 23 Nov 2026   |   প্রতিবেদক: editor
বিতর্কে মেসি, লাল কার্ড দাবি কলম্বাস কোচের

ক্রীড়া ডেস্ক:

ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কলম্বাস ক্রুর বিপক্ষে এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন কলম্বাসের কোচ লরাঁ কর্তোয়া। তবে রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসিকে হলুদ কার্ড দেখান।

মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে থ্রো-ইন নেওয়ার সময় প্রয়োজনীয় দূরত্বে সরে না দাঁড়ানো কলম্বাসের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার মুখ লক্ষ্য করে কাছ থেকে বল ছুড়ে মারেন মেসি। এ ঘটনায় মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ কর্তোয়া বলেন, “সবাই জানে, ঘটনাটি হলুদ কার্ড দেখানোর চেয়ে অনেক বেশি গুরুতর ছিল।” তার মতে, মেসির এমন আচরণের জন্য আরও কঠোর শাস্তি হওয়া প্রয়োজন ছিল।

অন্যদিকে, ম্যাচে জোড়া গোল করা তাপিয়া রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। তবে ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। তাপিয়ার ভাষায়, পরিস্থিতি উল্টো হলে এবং তিনি মেসির সঙ্গে এমন আচরণ করলে নিশ্চিতভাবেই তাকে মাঠ ছাড়তে হতো।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ইন্টার মিয়ামি। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামির গঞ্জালো লুহান। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া মিয়ামির জন্য ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে তাহা হাবরুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে কলম্বাস। ৬০ মিনিটের আগেই নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তাপিয়া। মেসি কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি।

এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি। শুক্রবার কলম্বাসের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। অন্যথায় প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে মেসিদের।

মিয়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও পরবর্তী ম্যাচের গুরুত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, পরের ম্যাচে হারলে প্লে-অফ অভিযান শেষ হয়ে যাবে। তাই দলকে শান্ত থেকে আরও ভালো ফুটবল খেলতে হবে।

উল্লেখ্য, ম্যাচের আগে মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন ক্লাবের সহ-মালিক হোর্হে মাস। মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। তবে ব্যক্তিগত সাফল্যের আনন্দের রাত শেষ হয়েছে দলের বড় পরাজয়ে। এখন প্লে-অফে টিকে থাকতে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ মেসিদের সামনে।