https://cns24news.com/

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান পাঠানোর আহ্বান

প্রকাশের তারিখ: 24 Nov 2026   |   প্রতিবেদক: editor
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান পাঠানোর আহ্বান

রয়টার্স:

দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান।

মুখপাত্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর যেভাবে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল, এবারও একইভাবে দেশে ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি। একই সঙ্গে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রের ব্যবস্থারও আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা এবারই প্রথম। তাঁর এই পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা-উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থানও কঠোর। গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশের সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো আন্দোলন এবং সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানকালে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।