https://cns24news.com/

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ: 24 Nov 2026   |   প্রতিবেদক: editor
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় জোরদার করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।