পঞ্চগড় প্রতিনিধি:
হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। হেমন্তের শেষ সময়ে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি ভোরের কুয়াশায় বদলে যাচ্ছে উত্তরের জনপদের আবহাওয়া। মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার উপস্থিতি দেখা যায়। কুয়াশায় ঢাকা পড়ে সড়ক ও আশপাশের জনপদ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
সকালের ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার প্রয়োজনে কাজে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে, যা ভোর পর্যন্ত স্থায়ী হয়। দিনের বেলায় রোদের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও শীত অনুভূত হচ্ছে।
এদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার বিস্তীর্ণ চা-বাগান, ফসলের মাঠ ও গ্রামীণ জনপদ। আবহাওয়ার এমন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শীত মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার ভোর ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
তিনি বলেন, এ অঞ্চলে শীতের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে হিমেল বাতাস, কুয়াশা আর তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় পঞ্চগড়ে জানান দিচ্ছে শীতের আগমন।