https://cns24news.com/

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে আতঙ্কের কারণ নেই: এসআরবি কর্মকর্তা

প্রকাশের তারিখ: 24 Nov 2026   |   প্রতিবেদক: editor
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে আতঙ্কের কারণ নেই: এসআরবি কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি:

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আশঙ্কা ও বক্তব্য ছড়িয়ে পড়লেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অতীতেও এ ধরনের অনেক ঘোষণা ও আশঙ্কার কথা মানুষ শুনেছেন। তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের দাবিদাওয়া ও আন্দোলন যৌক্তিক হলেও কিছু দুষ্কৃতকারী আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

এসআরবির এই কর্মকর্তা জানান, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে সচেতন নাগরিকরাই নাশকতায় জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

তিনি জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি নাশকতা-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।