নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাসহ যেসব দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরবেন, তাঁদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে অবস্থানরত অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে ব্যবস্থা রয়েছে, তাঁর ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো বিমান পাঠানোর বিষয়ে রয়টার্সের কোনো এখতিয়ার নেই। কে কোথায় অবস্থান করছেন বা কী বক্তব্য দিচ্ছেন, তা নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করে সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে এবং ভবিষ্যতেও একই অবস্থান থাকবে। শেখ হাসিনা কিংবা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে এবং কারাগারে পাঠানো হবে।
তিনি দাবি করেন, শেখ হাসিনাকে দেশে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেফতারের সক্ষমতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে কেউ জানে না। তিনি আরও প্রশ্ন তোলেন, দেশত্যাগের পর থেকে শেখ হাসিনার সাম্প্রতিক উপস্থিতি বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেছে কি না।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। হাদি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের সহিংসতা, হত্যা, গুম ও রক্তপাতের ঘটনায় অভিযুক্ত এবং বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।
১৬ ও ১৭ ডিসেম্বরকে কেন্দ্র করে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, এসব বক্তব্য রাজনৈতিক প্রচারণার অংশ। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে। এ নিয়ে অযথা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার কোনো অর্থ নেই।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশত্যাগের পর তাঁর নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলে গেছেন। এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
তিনি পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।