https://cns24news.com/

ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি জেলা, আতঙ্কে ঘুম ভাঙল অনেকের

প্রকাশের তারিখ: 24 Nov 2026   |   প্রতিবেদক: editor
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি জেলা, আতঙ্কে ঘুম ভাঙল অনেকের

পঞ্চগড় প্রতিনিধি

ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়। বিশেষ করে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বাসিন্দারা ভূমিকম্পের বিষয়টি টের পান। কুড়িগ্রামেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গান এলাকায়।

বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতে। ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।