https://cns24news.com/

ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াত নেতাকর্মীদের চার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ: 24 Nov 2026   |   প্রতিবেদক: editor
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াত নেতাকর্মীদের চার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বিএনপির নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

পরপর এসব ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারী একদল ব্যক্তি তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহত ব্যক্তিদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলির ঘটনার পর সন্ধ্যা থেকে রাতের মধ্যে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং দলটির কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একপর্যায়ে বাড়িগুলোতে থাকা অন্তত আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন।

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাঁদের মতে, পদ্মা নদীর বালুমহালের ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। জামায়াতের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই।

জানতে চাইলে জাকারিয়া পিন্টু বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিস্তারিত জানেন না। তিনি অভিযোগ করেন, অকারণে তাঁর সমর্থকদের দায়ী করা হচ্ছে। তাঁর জানা মতে, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধের জেরেই গুলি ও রাতের হামলার ঘটনা ঘটেছে।

এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। তাঁর অভিযোগ, পুলিশ উল্টো বিএনপির নেতাকর্মীদের সুরক্ষা দিয়েছে। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়; পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটেছে। একটি পক্ষ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলির ঘটনা এবং বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ—দুটি বিষয়েই পুলিশ তদন্ত করছে।