https://cns24news.com/

গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ

প্রকাশের তারিখ: 25 Nov 2026   |   প্রতিবেদক: editor
গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম আপাতত চালু হচ্ছে না। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা সরকারি অর্থের একটি কিস্তিও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, নিরাপত্তাঝুঁকি থাকায় আপাতত ট্রেন চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে সহিংসতায় পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই স্বাভাবিক হচ্ছে না। থানা দুটি বর্তমানে বন্ধ থাকায় সেখানকার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা দুটি চালুর দাবি জানালেও সংস্কারকাজ শুরু করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, ক্ষতিগ্রস্ত থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এগুলো পুনরায় চালু করতে কিছুটা সময় লাগবে। একইভাবে বন্ধ থাকা ট্রেন চলাচলও শিগগির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং থানা দুটিতে হামলার ঘটনা ঘটে।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে দুই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন।

পরবর্তী সময়ে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিয়মিত যাত্রীরা। বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলায় যাতায়াতকারী যাত্রীদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড মোকাবিলায় সরকার বলপ্রয়োগ বা মরণাস্ত্র ব্যবহারের পথে যাবে না বলে নীতিগত অবস্থান রয়েছে। তবে জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা সেবা ও সরকারি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।