বরগুনা প্রতিনিধি:
বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর এবং এক্স-রে বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সাত দিন ধরে বন্ধ রয়েছে এক্স-রে সেবা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত খরচে এক্স-রে করাতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির অবস্থা নিরূপণ করে দ্রুত এক্স-রে সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর এক্স-রে বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মো. আবুল হোসেন বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলায় মো. মাইনুল ইসলাম লিটন (৫০) ও তাঁর ছেলে মো. সানি (২০)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ১৭ নভেম্বর দুপুরে রুনা নামের এক রোগী হাঁটুর এক্স-রে করাতে হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে আট থেকে নয়জন ব্যক্তি এক্স-রে কক্ষে প্রবেশ করেন। অতিরিক্ত লোকজনকে কক্ষ থেকে বের হতে বলে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন রোগীর এক্স-রে সম্পন্ন করেন। পরে রোগীর স্বজনেরা বুকের আরও একটি এক্স-রে করানোর কথা বলেন।
এ সময় আবুল হোসেন অতিরিক্ত লোকজনকে কক্ষ থেকে বের হতে এবং দ্বিতীয় এক্স-রের জন্য সরকারি ফি জমা দিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজন মাইনুল ইসলাম লিটন ও তাঁর ছেলে সানি তাঁর কাজে বাধা দেন এবং তাঁকে ও তাঁর সহকর্মী মো. জাহিদুলকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা এক্স-রে বিভাগে ভাঙচুর চালিয়ে দুটি ডিজিটাল এক্স-রে মেশিন, দুটি কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেন। ওই ঘটনার পর থেকে হাসপাতালের এক্স-রে সেবা বন্ধ রয়েছে।
মারধরের শিকার আবুল হোসেন বলেন, এক্স-রে কক্ষে রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজন প্রবেশ করায় কাজ করতে সমস্যা হচ্ছিল। তাঁদের বের হতে বলায় তাঁকে হুমকি দেওয়া হয়। রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও স্বজনেরা দুটি করতে বলেন। এক্স-রে করার পর স্বজনেরা ফিরে এসে তাঁকে মারধর করেন এবং কক্ষে থাকা যন্ত্রপাতি ভাঙচুর করেন।
হাসপাতালে সরেজমিনে দেখা যায়, প্রতিদিন দুর্ঘটনায় আহত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকের পরামর্শে তাঁদের অনেকেরই এক্স-রে করানোর প্রয়োজন হচ্ছে। কিন্তু হাসপাতালের সেবা বন্ধ থাকায় বাইরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, হাসপাতালে এক্স-রে করাতে ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতো। এখন বাইরে পরীক্ষা করাতে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তিও বাড়ছে।
বরগুনা সদর উপজেলার আয়লা বাজার এলাকার বাসিন্দা মো. নিজাম তাঁর মায়ের ভাঙা হাতের চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন। তিনি বলেন, হাসপাতালে এসে এক্স-রে সেবা বন্ধ দেখতে পান। পরে বাধ্য হয়ে বাইরে ক্লিনিকে অতিরিক্ত টাকা দিয়ে মায়ের এক্স-রে করাতে হয়েছে। এরপর আবার হাসপাতালে এসে চিকিৎসা নিতে হয়েছে।
পৌর শহরের বাসিন্দা মো. নাসিরও হাত ভাঙার চিকিৎসা নিতে এসে একই সমস্যায় পড়েন। তিনি বলেন, ঠেলাগাড়িতে গাছ তোলার সময় তাঁর হাতের ওপর গাছ পড়ে হাত ভেঙে যায়। হাসপাতালে এক্স-রে করাতে না পেরে বাইরে একটি ক্লিনিকে ৬০০ টাকা দিয়ে পরীক্ষা করিয়েছেন। পরে হাসপাতালে এসে ব্যান্ডেজ করান।
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, এক্স-রে মেশিন সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার দায়িত্বে থাকা দলটি এসে মেশিনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। এরপর সেবা চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বলেন, রোগীর স্বজন ও মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে। আসামিদের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।