https://cns24news.com/

উন্নত প্রযুক্তি ও স্পোর্টি ডিজাইনে নতুন Honda Hornet 2.0 বাজারে

প্রকাশের তারিখ: 26 Nov 2026   |   প্রতিবেদক: editor
উন্নত প্রযুক্তি ও স্পোর্টি ডিজাইনে নতুন Honda Hornet 2.0 বাজারে

নিজস্ব প্রতিনিধি:

উন্নত প্রযুক্তি, বাড়তি নিরাপত্তা সুবিধা ও স্পোর্টি নকশার নতুন সংস্করণের Honda Hornet 2.0 বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে মোটরসাইকেলটির নতুন মডেল উন্মোচন করা হয়।

১৯৯৬ সালে যাত্রা শুরু করা হর্নেট সিরিজের ধারাবাহিকতায় ২০২৪ সাল থেকে বাংলাদেশে বাজারজাত হচ্ছে Hornet 2.0। নতুন সংস্করণে বেশ কিছু প্রযুক্তিগত ও নকশাগত পরিবর্তন আনা হয়েছে। এসব সংযোজনের লক্ষ্য চালকের নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাইডিং অভিজ্ঞতা বাড়ানো।

নতুন Hornet 2.0-তে রয়েছে ১৮৪.৪ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন। ইঞ্জিনটি ৮ হাজার ৫০০ আরপিএমে ১৬.৬ পিএস শক্তি এবং ৬ হাজার আরপিএমে ১৫.১ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে।

নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য এতে যুক্ত হয়েছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), বশের দ্বৈত চ্যানেলের অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এ ছাড়া রয়েছে শোয়ার সোনালি রঙের ইউএসডি ফ্রন্ট ফর্ক, ১৪০ মিলিমিটার প্রশস্ত পেছনের টায়ার এবং পেটাল ডিস্ক ব্রেক। সামনের ডিস্কের ব্যাস ২৭৬ মিলিমিটার এবং পেছনেরটির ২২০ মিলিমিটার।

মোটরসাইকেলটির অন্যতম নতুন সংযোজন রঙিন টিএফটি মিটার। এতে গিয়ারের অবস্থান, তাৎক্ষণিক জ্বালানি সাশ্রয়ের হার এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য চলার দূরত্ব দেখা যাবে। মিটারটিতে তিনটি উজ্জ্বলতার মাত্রা ও দুটি ডিসপ্লে থিম রয়েছে।

এ ছাড়া রয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট, চারপাশে এলইডি আলো, এক্স-আকৃতির এলইডি পেছনের বাতি এবং জরুরি ব্রেকের সংকেতব্যবস্থা (ইএসএস)। সাইড স্ট্যান্ডের সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা এবং আলাদা ইঞ্জিন বন্ধের সুইচও রাখা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, ‘দ্য পাওয়ার অব ড্রিমস’ দর্শনের আলোকে হোন্ডা স্বতন্ত্র নকশা, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয়ে কাজ করছে। বাংলাদেশের মোটরসাইকেল চালকদের পরিবর্তিত চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশিকুর রহমান নতুন টিএফটি মিটারের ব্যবহারিক সুবিধার পাশাপাশি এইচএসটিসি ও দ্বৈত চ্যানেলের এবিএসের মাধ্যমে বাড়তি নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। নতুন মডেলটির প্রচারণার স্লোগান রাখা হয়েছে ‘দ্য বিস্ট ইভলভস’।

নতুন Honda Hornet 2.0 তিনটি রঙে পাওয়া যাচ্ছে—রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও পার্ল ইগনিয়াস ব্ল্যাক। মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা।

দেশজুড়ে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে www.bdhonda.com ওয়েবসাইটে, ফেসবুক পেজ facebook.com/bdhondaofficial-এ অথবা টোল-ফ্রি হটলাইন ০৮০০০৪৩০৪৩০ নম্বরে।