https://cns24news.com/

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রকাশের তারিখ: 26 Nov 2026   |   প্রতিবেদক: editor
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি:

স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।