https://cns24news.com/

করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩

প্রকাশের তারিখ: 27 Nov 2026   |   প্রতিবেদক: editor
করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবনধসের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের ক্ষতি এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২-এর উদ্ধারকারীরা জানিয়েছেন, তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। ধ্বংসস্তূপের ভেতরে ছোট ছোট ফাঁক তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

কর্মকর্তাদের আশঙ্কা, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের ক্ষতি হতে পারে। একই সঙ্গে ভবনের অবশিষ্ট অংশ আরও ধসে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে হাতে তল্লাশি ও ধ্বংসাবশেষ সরানোর কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী দলের মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহত ১৪ জনের মধ্যে ১৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। তবে পরবর্তী সময়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

ঘটনাস্থলে এএফপির সাংবাদিকেরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান। পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনটির ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা ইট ও কংক্রিট সরিয়ে আটকে পড়াদের খোঁজ করছেন।

ঘটনাস্থলের কাছে স্থাপন করা তথ্যকেন্দ্রে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা তাঁদের মুঠোফোনে থাকা ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।

২৪ কোটির বেশি জনসংখ্যার পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

দুই কোটির বেশি মানুষের শহর করাচি দীর্ঘদিন ধরে নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিত ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণবিধি কার্যকর করার দুর্বলতার মতো সমস্যায় ভুগছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এর আগে গত বছরের জুলাইয়ে শহরের দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: জিও নিউজ