বিনোদন ডেস্ক:
দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্ত। কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করার পর আংটি বদল ও বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মিমি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
বিয়েতে মিমি পরেছিলেন সোনালি ও দুধসাদা রঙের শাড়ি। তাঁর সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ। প্রকাশিত ছবিতে কখনো পাশাপাশি বসে হাসিমুখে, আবার কখনো একে অপরকে আংটি পরিয়ে দিতে দেখা যায় দুজনকে। বিয়ের নথিতে স্বাক্ষরের মুহূর্তও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
এত দিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। কয়েক দিন ধরেই তাঁর বিয়ে নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে ছবি প্রকাশের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী।
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন তাঁরা।
তবে কলকাতায় আইনি বিয়ের মধ্যেই শেষ হচ্ছে না আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে তাঁদের মূল বিয়ের আসর। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর ডিনার, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।