গাজীপুর প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তাদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদান কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির তত্ত্বাবধানে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোতায়েন করা ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স ডেগেরছালা-গাছা, সাইনবোর্ড, কলেজগেট, এশিয়া পাম্প, জরুন, নওজোড়, ভোগড়া, সালনা, মৌচাক, আমবাগ-কাটা, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, হোতাপাড়া, বাংলা বাজার, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী ও কাশিমপুরসহ ১৮টি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টে দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছেন সদস্যরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া, উপপরিচালক আজিজ, উপপরিচালক মেহেদি এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।
নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
বাহিনীর দাবি, এ ব্যবস্থার ফলে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বেড়েছে।
শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে। বিভিন্ন সময়ে হামলা ও প্রতিকূল পরিস্থিতির মুখেও সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গাজীপুর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক, শিল্পমালিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।