চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মধ্যরাতে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক সাংবাদিকও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার একপর্যায়ে বিরোধের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী তাঁদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরবের পক্ষ থেকে জুনিয়রদের ওই শিক্ষার্থীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে হয় বলে জানা গেছে।
এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের শিক্ষার্থীরা আলোচনায় বসেন। তবে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ভৈরব বর্মণ বলেন, পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তাঁদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক ও মো. আব্দুল্লাহ কাজী এবং পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম ছিলেন। তাঁর দাবি, শুরুতে আলোচনা স্বাভাবিকভাবে চলছিল। একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা তাঁর বন্ধুদের মারধর করলে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।
অভিযোগের বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্র জানায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। অন্য দুজন চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।