নিজস্ব প্রতিনিধি:
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়াল।
শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা করা হয়েছে।
এর আগের দিন ২৭ নভেম্বরও ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ২৬ নভেম্বর একই পরিমাণ দাম বাড়ানো হয়। তবে ২৫ নভেম্বর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল। ২৪ ও ২৩ নভেম্বর যথাক্রমে ১ হাজার ৫৭৫ টাকা ও ৩ হাজার ১৪৯ টাকা দাম বাড়ানো হয়।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।