বিনোদন ডেস্ক:
মিস ইউনিভার্সের মুকুট জয়ের মূল লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার দুটি বিভাগে দর্শকদের ভোটে জয় এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে সেরা হয়েছে বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহি। একই পোস্টে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার খবরও জানান তিনি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে মাহির পোশাক ও মঞ্চে উপস্থাপনা বিশেষভাবে নজর কাড়ে। যেখানে অধিকাংশ প্রতিযোগী বিকিনি বেছে নিয়েছিলেন, সেখানে মাহি পরেছিলেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। পোশাকটির পেছনে ছিল ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়।
প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন পোশাক নির্বাচন এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে নিজেকে উপস্থাপনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি। এবার দর্শকদের ভোটেও ওই বিভাগে বাংলাদেশের সাফল্য এলো।
নিজের অর্জনে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি। তিনি বলেন, প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে।
প্রতিযোগিতার প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন বলেও জানান তিনি। বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রতিযোগী।
মুকুট জয়ের মূল লড়াইয়ে এগোতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে জয় এবং ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি মাহির মিস ইউনিভার্স যাত্রাকে স্মরণীয় করে রাখল। পোস্টের শেষে দেশের মানুষের ভালোবাসাকে সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’