নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা স্বাভাবিক। তবে তা যেন শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সমস্যা তৈরি না করে। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়ও কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে জোর দিয়ে তারেক রহমান বলেন, কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার উদ্যোগ নিলেও বাস্তবায়নে অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, শুধু সনদনির্ভর শিক্ষা বেকারত্ব কমাতে পারবে না; একাডেমিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা ও অটোমেশনের মতো প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সাহিত্য, দর্শন, ইতিহাস ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ বাড়ানোর কথা বলেন তিনি।
কলেজের শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ ও প্রশিক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উপযোগী ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।