https://cns24news.com/

স্পেন যাওয়ার পথে নৌকায় ১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

প্রকাশের তারিখ: 28 Nov 2026   |   প্রতিবেদক: editor
স্পেন যাওয়ার পথে নৌকায় ১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকায় অন্তত ১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটি থেকে ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, দেশটির এল হিয়েরো দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে নৌযানটির সন্ধান পাওয়া যায়। এতে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। উদ্ধারকর্মীরা নৌকাটিকে টেনে লা এস্তাকা বন্দরে নিয়ে যান।

গুরুতর অসুস্থ ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া অন্যদের এল হিয়েরোর লা রেস্তিঙ্গা বন্দরের অভিবাসী অভ্যর্থনা ও জরুরি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে মৃতের সংখ্যা নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের পরবর্তী প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটির যাত্রীরা পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশে রওনা হয়েছিলেন। প্রায় ১০ দিনের সমুদ্রযাত্রার সময় নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন সেটি সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে থাকায় উদ্ধার হওয়া অনেকেই পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

উদ্ধার অভিযানে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা, কোস্টগার্ড, পুলিশ ও চিকিৎসাকর্মীরা অংশ নেন।

আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় প্রতিবছর হাজারো মানুষ এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সমুদ্রযাত্রা, উত্তাল ঢেউ, শক্তিশালী স্রোত, নৌযানের ত্রুটি এবং খাবার-পানির সংকটে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসন প্রত্যাশীদের আগমন বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪ ঘণ্টায় দ্বীপপুঞ্জটিতে দুই হাজার ১০০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী পৌঁছান, যা এক দিনে আগমনের নতুন রেকর্ড।

আগমনকারীদের বড় একটি অংশ এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন। প্রায় ১১ হাজার ৪০০ জনসংখ্যার এই দ্বীপে বিপুলসংখ্যক মানুষের আগমনে স্থানীয় উদ্ধার ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।

রয়টার্সের হিসাবে, ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত দুই মাসেই এসেছেন প্রায় ২১ হাজার মানুষ।

স্পেনে অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা নিয়েও রাজনৈতিক বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ডানপন্থি দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানাচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো পরিস্থিতি মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের আরও কার্যকর উদ্যোগ চেয়েছেন।