লাইভস্টাইল ডেস্ক:
দরজার সামনের পাপোশ ঘরের পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাইরে থেকে আসা ধুলাবালি, ময়লা ও অন্যান্য আবর্জনা পাপোশে জমে থাকে। নিয়মিত পরিষ্কার না করলে এসব ময়লা ঘরের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। তাই বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখতে পাপোশ পরিষ্কার রাখা জরুরি।
বিশেষ করে গরমের সময় ধুলাবালি ও শুকনো পাতা দ্রুত জমে পাপোশ নোংরা হয়ে যায়। ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে গেলে সময় ও পরিশ্রম দুটোই বেশি লাগে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ পদ্ধতিতে কম পরিশ্রমেই পাপোশ পরিষ্কার রাখা সম্ভব। জেনে নেওয়া যাক তিনটি উপায়।
১. প্রেসার ওয়াশার ব্যবহার করুন
পাপোশ ঘষাঘষি না করে পরিষ্কার করতে প্রেসার ওয়াশার বেশ কার্যকর। হ্যাপিক্লিনসের প্রধান পরিচালন কর্মকর্তা উইল কটার বিশেষ করে মোটা, শক্ত উপাদানে তৈরি ও রাবারের পাপোশ পরিষ্কারে এ পদ্ধতির পরামর্শ দিয়েছেন।
প্রথমে বাড়ির বাইরে সমতল জায়গায় পাপোশটি বিছিয়ে নিন। এরপর প্রেসার ওয়াশার দিয়ে পানির প্রবাহের মাধ্যমে ময়লা পরিষ্কার করুন। চাইলে পানি দেওয়ার আগে সামান্য বাসন ধোয়ার তরল সাবান ব্যবহার করতে পারেন। পরিষ্কার শেষে পাপোশটি রোদে শুকিয়ে নিন।
প্রেসার ওয়াশার না থাকলে পানির পাইপে নজল লাগিয়েও একই কাজ করা যায়। তবে পাপোশের উপাদান অনুযায়ী পানির চাপ ঠিক রাখা জরুরি, যাতে সেটি ক্ষতিগ্রস্ত না হয়।
২. ওয়াশিং মেশিনে ধুয়ে নিন
কাপড়ের তৈরি অনেক পাপোশ ওয়াশিং মেশিনে ধোয়া যায়। তবে মেশিনে দেওয়ার আগে পাপোশের পরিচর্যা-সংক্রান্ত নির্দেশনা বা লেবেল দেখে নেওয়া প্রয়োজন। বিশেষ করে নিচে রাবারের স্তর থাকলে সতর্ক থাকতে হবে। মেশিনে ধোয়ার কারণে সেটি নষ্ট হতে পারে।
প্রথমে পাপোশটি ভালোভাবে ঝেড়ে আলগা ময়লা ও আবর্জনা সরিয়ে নিন। এরপর নির্দেশনা অনুযায়ী ওয়াশিং মেশিনে ধুয়ে বাইরে বাতাসে শুকাতে দিন। সম্ভব হলে রোদে শুকিয়ে নিন।
৩. ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন
নিয়মিত পাপোশ পরিষ্কার রাখতে ভ্যাকুয়াম ক্লিনারও কার্যকর। ক্লিনকর্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা ম্যাককুইনের মতে, ভ্যাকুয়াম ক্লিনারের উচ্চ শোষণক্ষমতার সেটিং ব্যবহার করে সহজেই পাপোশের ওপরের ময়লা সরানো যায়।
প্রথমে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পাপোশ পরিষ্কার করুন। এরপর বাড়ির বাইরে কোনো রেলিংয়ের সঙ্গে ঝুলিয়ে কয়েকবার ঝেড়ে নিন। এতে ভেতরে আটকে থাকা ময়লাও বের হয়ে আসবে।
পাপোশে স্যাঁতসেঁতে ভাব বা দুর্গন্ধ থাকলে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। পাপোশের ওপর বেকিং সোডা ছিটিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোডা সরিয়ে পাপোশটি আবার ঝেড়ে নিন।
সূত্র: দ্য স্প্রুস